রাজধানীর সবুজবাগে প্রেম ঘটিত বিরোধের জেরে মো. সাইফ উদ্দিন সিফাত (২৮) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টার দিকে আদর্শ পাড়া বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শীর সূত্রে জানা যায়, নেহা নামের এক তরুণীর সঙ্গে দেখা করতে মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় যান নিহত সিফাত। এসময় তাদের এক সঙ্গে দেখে ফেলে ঐ তরুনীর প্রেমিক জয়। পরে ক্ষিপ্ত হয়ে আরও দু-তিনজন বন্ধুকে সঙ্গে নিয়ে সিফাতকে ছুরিকাঘাত করে প্রেমিক জয়।
পরে গুরুতর আহত অবস্থায় সিফাতকে প্রথমে মুগদা হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। নিহত সিফাতের বাড়ি রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায়। তিনি ৩১৯ নম্বর বাসার জয়নাল আবেদীনের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
নিহত সিফাতকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু হাসান বলেন, নেহা নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে জয় ও তার সঙ্গে থাকা আরও দুই-তিনজনের সঙ্গে সিফাতের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
হাসান আরও জানান, নেহার সঙ্গে জয়ের প্রেমের সম্পর্ক ছিল। রোববার মোটরসাইকেল নিয়ে নেহার সঙ্গে দেখা করতে যান সিফাত। বিষয়টি জয় দেখতে পেয়ে ক্ষিপ্ত হন। পরে তিনি আরও দুই-তিনজন বন্ধুকে সঙ্গে নিয়ে সিফাতের ওপর হামলা চালান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ হাবিবুর রহমান বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
