গুপ্তচরবৃত্তি: স্বামীর কাছ থেকে আলাদা বৃটিশ এমপি জোয়ানি রিডের, দেখা গেছে অন্য পুরুষের সঙ্গে

গুপ্তচরবৃত্তি: স্বামীর কাছ থেকে আলাদা বৃটিশ এমপি জোয়ানি রিডের, দেখা গেছে অন্য পুরুষের সঙ্গে

ফন্ট সাইজ:

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত স্বামী ডেভিড টেলর। এ জন্য তার সঙ্গে বিচ্ছেদ হয়েছে বৃটিশ লেবার পার্টির এমপি জোয়ানি রিডের। স্কটিশ মেইল অন সানডে এ তথ্য জানিয়েছে। ইস্ট কিলব্রাইড ও স্ট্র্যাথাভেনের এমপি জোয়ানি রিড তার লবিস্ট স্বামী ডেভিড টেলরের সঙ্গে আলাদা হয়ে গেছেন। মার্চে গুপ্তচরবৃত্তির সন্দেহে গ্রেপ্তার করা হয় টেলরকে। এ বছরের শুরুতে জোয়ানি রিডকে ঘিরে আরও এক দফা বিতর্ক তৈরি হয়। হেলেন্সবার্গের কাছে পারমাণবিক সামরিক ঘাঁটি ফ্যাসলেনে অবস্থানরত দুই নৌ কর্মকর্তার সঙ্গে তিনি অনুপযুক্ত আচরণ করেছিলেন বলে অভিযোগ ওঠে। এদিকে বিয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর সামনে এসেছে এমন সময়, যখন বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে তার অংশ নেয়ার ছবি ও ভিডিওতে তাকে বিয়ের আংটি ছাড়া দেখা গেছে। অন্যদিকে, তিনি এক বিবাহিত পুরুষের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে তাকে নিজের নির্বাচনী এলাকার একটি ফ্ল্যাটে যেতে দেখা গেছে।

ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, টেলর ও রিড ‘কিছু সময় ধরেই’ আলাদা থাকছেন। সূত্রগুলোর দাবি, এই বিচ্ছেদের সঙ্গে মেট্রোপলিটন পুলিশের গুপ্তচরবৃত্তি তদন্ত কিংবা ফ্যাসলেনে দুই নৌ কর্মকর্তার সঙ্গে রিডের কথিত ঘনিষ্ঠতার কোনো সম্পর্ক নেই। ঘনিষ্ঠ বন্ধুদের ভাষ্য অনুযায়ী, বিয়ের আংটি খুলে ফেলার সিদ্ধান্তটি এমপির জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি ছিল। তাদের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, তারা আলাদা হয়ে গেছেন বেশ কিছুদিন আগে। অনেক দিন ধরেই তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। তবে তাদের সন্তান রয়েছে। তাই তারা এখনো একে অপরের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কাছের মানুষজন বিষয়টি জানেন এবং তারা বিবাহবিচ্ছেদের দিকে এগোচ্ছেন।
রিডের এক বন্ধু বলেছেন, বিয়ের আংটি খুলে ফেলার সিদ্ধান্ত নেয়া তার জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি ছিল। তিনি হালকাভাবে এই সিদ্ধান্ত নেননি। তবে তারা আলাদা হয়ে গেছেন এবং তিনি মনে করেছেন, আংটিটি খুলে ফেলা তার জন্য প্রয়োজন।

প্রয়াত ট্রেড ইউনিয়ন নেতা জিমি রিডের নাতনি জোয়ানি রিডকে গত জুলাইয়ে এক বিবাহিত পুরুষের সঙ্গে তার নির্বাচনী এলাকার একটি ফ্ল্যাটে যেতে দেখা যায়। ওই ব্যক্তিকে ‘হোলিরুডের একজন উচ্চপর্যায়ের ব্যক্তি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ঘটনাটি ঘটে তাকে লেবার পার্টিতে পুনর্বহালের এক দিন আগে। গত মাসেও তাদের দু’বার দেখা হয়েছে বলে জানা গেছে। রিডের বন্ধুদের দাবি, সম্পর্কটি দীর্ঘদিনের নয় এবং ডেভিড টেলরের সঙ্গে বিচ্ছেদের পরই এর শুরু। স্বামী গ্রেপ্তার হওয়ার পর মার্চে রিড লেবার পার্টি থেকে নিজেকে সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন। এ সময় দলটি তার বিষয়ে নিজস্ব তদন্ত চালায়।

তবে ৪০ বছর বয়সী এই এমপিকে ৩০ জুন আবার দলে ফিরিয়ে নেয়া হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পুনর্বহালের খবর নিজেই জানান তিনি। লেবার পার্টিতে ফিরে আসার পরই নীরবে বিয়ের আংটি খুলে ফেলেন রিড। তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে বিষয়টি স্পষ্টভাবে দেখা যায়। ২৯ জুন ইস্ট কিলব্রাইড বৃটিশ লিজিয়নে আর্মড ফোর্সেস ডে উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রিড। তখন তার হাতে রুপার বিয়ের আংটি ছিল।