রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪ মামলা ৪৪

ফন্ট সাইজ:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপি’র রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৪২ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৩৬ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৬ জন ও গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ৯.৪ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি বুপ্রেনরফিন ইঞ্জেকশন, নগদ ১ হাজার ৫৪০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।