সাম্প্রতিক সময়ে আলোচিত রাজধানীর কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে অপহৃত সাত বছর বয়সী শিশু নুসরাত জাহানকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুথী আক্তার (২২) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে কাফরুল থানা পুলিশ যুথী আক্তারকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করে। শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব শেওড়াপাড়া এলাকায় বাসার সামনে খেলতে বের হয় নুসরাত। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিশুটিকে উদ্ধারে পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা শুরু করে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত তরুণীর অবস্থান শনাক্ত করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে যুথী আক্তারকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশের তথ্যানুযায়ী, অপহরণের রাতে বৃহস্পতিবার শেরেবাংলা নগর এলাকার একটি বাসায় নুসরাতকে রাখা হয়। এরপর তাকে নিয়ে গ্রামের বাড়ি মাদারীপুরের উদ্দেশে যাচ্ছিল যুথি।
এর আগে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসার সামনে থেকে শিশু নুসরাত নিখোঁজ হয়। অপহৃত নুসরাত জাহান পরিবারের সঙ্গে রাজধানীর কাফরুল এলাকায় ভাড়া থাকে। তার বাবা মো. রাজিব পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলিতে খেলা করছিল নুসরাত। এ সময় কালো রঙের কামিজ পরা এক তরুণী তার হাত ধরে কিছুক্ষণ হাঁটার পর রিকশায় করে পূর্ব শেওড়াপাড়া থেকে তালতলার দিকে নিয়ে যায় ।
