ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রে লেবার ডে’তে পেট্রোলের দাম প্রতি গ্যালন ৪ ডলার ছাড়িয়ে যেতে পারে। শনিবার (৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জ্বালানির দাম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডির পূর্বাভাস অনুযায়ী, লেবার ডে-তে যুক্তরাষ্ট্রে পেট্রোলের গড় দাম প্রতি গ্যালন ৪.০৩ ডলারে উঠতে পারে। এর ফলে ২০১২ সালে প্রতি গ্যালন ৩.৮৩ ডলারের আগের রেকর্ড ভেঙে যেতে পারে।
আগামী সোমবার পালিত হতে যাওয়া লেবার ডে যুক্তরাষ্ট্রের একটি সরকারি ছুটির দিন। দেশটির শ্রম আন্দোলনের অবদান স্মরণে দিনটি পালন করা হয়। দীর্ঘ ছুটির সুযোগে এ সময় অনেক মার্কিন নাগরিক ভ্রমণে বের হন।
গ্যাসবাডির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পেট্রোলের জাতীয় গড় দাম ছিল প্রতি গ্যালন প্রায় ৪.১৩ ডলার। গত বছরের গড় দামের তুলনায় যা প্রায় ১ ডলার বেশি।
বার্তা সংস্থা রয়টার্সকে বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রতি গ্যালন ৪ ডলারের দাম মার্কিন ভোক্তাদের জন্য একটি বড় ‘চাপের জায়গা’ বা ‘পেইন পয়েন্ট’।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত সপ্তম মাসে প্রবেশ করায় জ্বালানির বাড়তি খরচ এখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
বিশেষ করে নভেম্বরে অনুষ্ঠেয় কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির মূল্যবৃদ্ধি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
