দেশের ৭০ ভাগ ভোটারের গণরায় গণভোট না মেনে বিএনপি সরকার গঠনের প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘অথচ ভোটের আগে বিএনপিও ওয়াদা করেছিলো জনরায় মেনে নেয়ার।’
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের অংশ হিসেবে শনিবার বিকালে ফেনীর মহিপালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে গ্যাস বিদ্যুতের চরম বিপর্যয় থাকলেও সরকার দলের মন্ত্রী ও এমপিরা জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করছে।
নির্দিষ্ট সময় পার হয়ে গেলে গণভোটের রায় কার্যকর করা নিয়ে প্রশ্ন উঠবে। কালো মেঘ নয়, বজ্রপাত আসলেও ১১ দলীয় জোট জনগণকে নিয়ে রাজপথে থাকবে।’
নতুন করে দেশে ফ্যাসিবাদ গড়ে উঠেছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এখনও সময় আছে সংশোধনের।’ সময় শেষ হলে আওয়ামী লীগের চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও বিএনপি সরকারকে হুঁশিয়ারি করেন।
লংমার্চ প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, ‘আজকের কর্মসূচির মধ্য দিয়ে যাত্রা শুরু হলো। প্রত্যেকটি বিভাগীয় শহরে ইনশাআল্লাহ আমাদের লংমার্চ যাবে। এরপর ঢাকায় মহাসমাবেশ হবে। সেই মহাসমাবেশ কি শুধু চিড়া-মুড়ি খাওয়ার জন্য হবে, নাকি আমাদের দাবি আদায়ের জন্য হবে? ফেনীসহ বৃহত্তর নোয়াখালীর মানুষ, আপনারা সে সমাবেশে যাবেন। প্রয়োজনে চিড়ামুড়ি হাতে নিয়েই যাবেন।’
‘দাবি আদায় করে ইনশাআল্লাহ ঘরে ফিরবেন। আপনারা প্রস্তুতি নেন। আমরা আশাবাদী, জনতার বিজয় হবে, ইনশাআল্লাহ।’—উল্লেখ করেন তিনি।
