আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনা ঘটছে, যা জননিরাপত্তা, মানবাধিকার এবং নির্বাচন নিয়ে জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে সংস্থাটি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
কমিশন মনে করে, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নাগরিকদের মৌলিক অধিকার হুমকির মুখে পড়বে। সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত। ভোট দেওয়া নাগরিকের অধিকার; গণতান্ত্রিক রাষ্ট্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন প্রত্যাশিত। কোনো অবস্থাতেই সংঘাত বা পেশিশক্তির মাধ্যমে জনগণের অধিকার হরণের সুযোগ নেই।
সব ধরনের সংঘাত নিরসনে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। বলছে, বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যেন সংখ্যালঘু সম্প্রদায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পাশাপাশি, নির্বাচনী কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অতিরিক্ত বলপ্রয়োগ পরিহার করে, আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে সচেতনভাবে তাদের দায়িত্ব পালন করে তা নিশ্চিত করতে হবে।
নির্বাচনকালীন সংঘাতে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ১৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
