জ্বালানি সংকট নিরসনে বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

জ্বালানি সংকট নিরসনে বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

ফন্ট সাইজ:

দেশের জ্বালানি সংকট নিরসনে সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তার ভাষ্য, জ্বালানি সংকট নিরসনে কাজ করছে সরকার। সরকার সম্ভাব্য সব বিকল্প উৎসের মাধ্যমে সংকট সমাধানে চেষ্টা করছে। প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্রান্ডিং’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন বন্ধেও গুরুত্বের সঙ্গে কাজ চলছে সরকার। তার মতে গত এক দশকে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে। এ নিয়ে বর্তমান সরকার কাজ করছে। আসন্ন জাতিসংঘ সম্মেলনে ভিন্ন একটি সেশন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান করা কঠিন বলে মন্তব্য করেন শামা ওবায়েদ।
আসন্ন জাতিসংঘ সম্মেলনে দেশের অর্থনীতিসহ জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে নিতে সময় প্রয়োজন। এরইমধ্যে বর্তমান সরকার ব্যাংকিং খাতকে স্বচ্ছ করতে কাজ করছে। দেশের বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনতেও চেষ্টা চলছে। তবে এজন্য আরও সময় লাগবে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

জাতিসংঘ সম্মেলনে জাতীয় স্বার্থ ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ: শামা ওবায়েদ বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশন বাংলাদেশের জন্য দেশকে তুলে ধরার একটি বড় সুযোগ। সেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সম্ভাবনা এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত করা দেশের জন্য গর্বের বিষয়। এই নির্বাচনের সময় সাইপ্রাস আগে থেকেই প্রার্থী ছিল এবং তারা প্রায় ১০ বছর ধরে এ জন্য কাজ করছিল। এরপরও বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের স্থিতিশীলতা এবং দীর্ঘ সময় পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টি ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।

বিনিয়োগ সহজ করতে ওয়ান-স্টপ সার্ভিস: শামা ওবায়েদ বলেন, শুধু আহ্বান জানালেই বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবেন না। তাদের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে হবে। এ লক্ষ্যে ‘বাংলাদেশ ইনভেস্ট’ নামে একটি আইন পাস হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিভিন্ন সরকারি দপ্তরে না ঘুরে এক জায়গা থেকেই প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য অনলাইন ও ডিজিটাল সেবাও বাড়ানো হয়েছে। কোম্পানির নাম নিবন্ধনসহ বিভিন্ন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ উদ্যোগের আওতায় একজন নাগরিকের বিভিন্ন সরকারি দপ্তরে থাকা তথ্যকে একটি সমন্বিত তথ্যভান্ডারের আওতায় আনার কাজ চলছে বলেও জানান তিনি।

অবৈধ অভিবাসন বন্ধে কাজ চলছে: প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার রেমিট্যান্স যোদ্ধাদের অত্যন্ত সম্মান করে। তবে অবৈধ পথে বিদেশে যাওয়ার প্রবণতা বাংলাদেশের জন্য বড় সমস্যা তৈরি করছে। তিনি বলেন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি রয়েছেন। ইউরোপের বিভিন্ন দেশেও বাংলাদেশিরা কাজ করছেন। কিন্তু দালালদের মাধ্যমে অবৈধভাবে বিদেশে যাওয়ার প্রবণতা রয়েছে।
ভূমধ্যসাগর হয়ে লিবিয়া দিয়ে ইউরোপে যাওয়ার সময় বাংলাদেশিরা দালালচক্রের হাতে পড়ছেন উল্লেখ করে তিনি বলেন, ইতালি বা স্পেনে পাঠানোর কথা বলে অনেককে ভূমধ্যসাগরে ফেলে দেয়া হচ্ছে। এতে অনেকে মৃত্যুবরণ করছেন।

তিনি বলেন, অবৈধ অভিবাসন বন্ধে গত তিন-চার মাস ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে জোরালোভাবে কাজ করছে। মধ্যপ্রাচ্যে যাওয়ার ক্ষেত্রেও অনেক বাংলাদেশি দালালচক্রের মাধ্যমে ভুয়া কাগজপত্র ব্যবহার করার চেষ্টা করেন। এটিও বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

ভিসা নীতি সহজ হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি বন্ধুত্বপূর্ণ ও বিনিয়োগবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে ভিসা নীতিতেও পরিবর্তন আনা হচ্ছে। সম্প্রতি মন্ত্রিসভায় নতুন ভিসা নীতি অনুমোদন করা হয়েছে। ব্যবসা, পর্যটন ও কর্মসংস্থানের জন্য বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে আসেন, তাদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, বিমানবন্দরের পরিস্থিতি ছয় মাসে পুরোপুরি পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। পর্যটন, বিমানবন্দর ব্যবস্থাপনা এবং ভিসা নীতি—সবকিছুকে আরও সহজ ও বিনিয়োগবান্ধব করার চেষ্টা চলছে। মন্ত্রিসভায় অনুমোদিত ভিসা নীতিটি পরবর্তীতে সংসদে উঠতে পারে।