জামায়াত নেতৃত্বাধীন জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

৬ দফা দাবি

জামায়াত নেতৃত্বাধীন জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

ফন্ট সাইজ:

গণভোটের রায় বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। শনিবার সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ শেষে সোয়া ৮টার পর এ লংমার্চ কর্মসূচি শুরু হয়।

মতিঝিলে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন-জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের মহাসচিব ফখরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আব্দুল কাইয়ুম সোবহানী, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

এ কর্মসূচিতে বেশ কয়েকটি পথসভা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে—নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও চট্টগ্রামের মীরসরাই। সবশেষ চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।