বড় অঘটনের দিন ঘাম ঝরানো জয় জভেরেভের

বড় অঘটনের দিন ঘাম ঝরানো জয় জভেরেভের

ফন্ট সাইজ:

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ঘাম ঝরিয়ে টিকে রইলেন আলেকজান্ডার জভেরেভ। তবে অঘটনে শিকার হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন চতুর্থ বাছাই ফেলিক্স অগার-আলিয়াসিমে, সপ্তম বাছাই অ্যালেক্স ডি মিনাউর এবং লোরেনজো মুসেত্তির মতো তারকারা। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফরাসি তারকা কুয়েন্টিন হ্যালিসের বিপক্ষে দীর্ঘ চার ঘণ্টা ৩৩ মিনিটের ম্যারাথন লড়াই শেষে টুর্নামেন্টের শীর্ষ বাছাই জভেরেভ শেষ পর্যন্ত জয় পান ৬-৪, ৪-৬, ৭-৬ (৭/৩), ৬-৭ (৩//৭), ৬-৩ সেটে। ম্যাচ শেষ হতে ঘড়ির কাঁটায় তখন স্থানীয় সময় রাত সোয়া ২টা। এর আগে প্রথম রাউন্ডেও দীর্ঘ পাঁচ সেটের লড়াই করতে হয় তাকে। টানা দুই ম্যাচে এমন কষ্টার্জিত জয়ের পর নিজের পারফরম্যান্স নিয়ে খোলামেলাভাবে এই জার্মান তারকা বলেন, ‘সত্যি বলতে পারফরম্যান্স বেশ বাজে ছিল। তবে আমি জিতেছি-এটিই সবচেয়ে বড় কথা।’ নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, ‘শারীরিকভাবে আমি ঠিক আছি। আমি মনে করি, শারীরিকভাবে বেশ শক্তিশালী হওয়াটা আমার জন্য গর্বের বিষয়।

আমি শুধু আশা করি একসময় আমি আরও ভালো টেনিস খেলা শুরু করতে পারব।’ নিজের বর্তমান অবস্থা ব্যাখ্যা করে জভেরেভ বলেন, ‘আমি এখন বাজেভাবে জিতছি। যখন আপনি দারুণ টেনিস খেলতে পারছেন না, তখন কষ্ট করে জেতাটাও একটা বিশেষ দক্ষতা। আমি মনে করি আমি সেটা এখন আয়ত্ত করে ফেলেছি।’ এদিকে পুরুষ এককে বড় ধাক্কা খেয়েছেন কানাডিয়ান তারকা অগার-আলিয়াসিমে। শারীরিক অসুস্থতার কারণে রাশিয়ার কারেন খাচানভের কাছে ৬-৭ (৫/৭), ৬-৩, ৬-২, ৬-২ সেটে হেরে বিদায় নেন তিনি। ম্যাচ শেষে খাচানভ বলেন, ‘আমার মনে হয়েছিল তার হয়তো কিছু শারীরিক সমস্যা ছিল। এটি আমাদের খেলারই একটা অংশ।

আমার দিক থেকে আমি আমার সেরা পারফরম্যান্স, লড়াই এবং প্রচেষ্টা দেয়ার চেষ্টা করেছি।’ অন্যান্য ম্যাচের মধ্যে কোকো গফ, ইগা শিয়নটেক এবং নাওমি ওসাকারা জয় পেয়ে নারী এককের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। পাউলা বাডোসাকে হারিয়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন গফ বলেন, ‘আমার মনে হয় আত্মবিশ্বাস বাড়াতে আমার এ ধরনের ম্যাচের প্রয়োজন আছে।’ অন্যদিকে দীর্ঘ ২০ বছরের বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ারের ইতি টেনে গ্র্যান্ড স্লামকে বিদায় জানিয়েছেন ৪০ বছর বয়সী ফরাসি তারকা গায়েল মনফিস।
দর্শকদের আবেগঘন বিদায় জানিয়ে তিনি বলেন, ‘যাত্রাটা দীর্ঘ ছিল। আপনারা আমার দ্বিতীয় সেরা দর্শক। অবশ্যই প্যারিসের সমকক্ষ কেউ হতে পারে না, তবে আপনারা ঠিক তার পরেই আছেন!’