কাউন্টিতে হাসানের বোলিং নৈপুণ্য

কাউন্টিতে হাসানের বোলিং নৈপুণ্য

ফন্ট সাইজ:

কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তনের ম্যাচেই বল হাতে আলো ছড়ালেন হাসান মাহমুদ। ক্যান্টারবুরিতে উস্টারশায়ারের বিপক্ষে তার অসাধারণ বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড পেয়েছে কেন্ট। দ্বিতীয় দিন শেষে ডিভিশন ওয়ানে ওঠার লড়াইয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে দলটি।

ম্যাচের প্রথম ইনিংসে ২৩৮ রানে অলআউট হওয়ার পর উস্টারশায়ারকে চেপে ধরে কেন্ট। প্রথম দিনেই উস্টারের ইনিংসে জোড়া আঘাত হানেন টাইগার পেসার হাসান। দারুণ এক ডেলিভারিতে ইনফর্ম ওপেনার জেইক লিবির স্টাম্প উড়িয়ে দেয়ার পরের বলেই তিনি এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রেহান এডাভালাথকে।

উস্টারের ব্যাটসম্যান ড্যানিয়েল লেইটগ্যান (৫৯) ও অ্যাডাম হোস (৫০) তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন। পরে সেই জুটি ভাঙেন হাসানের সতীর্থ বোলাররা। এরপর হাসান আবারো নিজের জাত চেনান। ম্যাথু ওয়েটের স্টাম্প গুঁড়িয়ে দেয়ার পর ইনিংসের শেষ উইকেটে অ্যাডাম ফিঞ্চকে এলবিডব্লিউ করে উস্টারের ইনিংস গুটিয়ে দেন তিনি। সবমিলিয়ে ৬৮ রান খরচায় ৪ উইকেট শিকার করে কেন্টের সফলতম বোলার এ ডানহাতি পেসারই। ২৬ বছর বয়সী হাসানের পাশাপাশি ম্যাট মিলনস ৩টি এবং কিথ ডাজন নেন ২টি উইকেট। উস্টারশায়ার প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হলে ২১ রানের লিড পায় কেন্ট।
প্রথম ইনিংসে ছোট পুঁজি সত্ত্বেও এই লিড কেন্টের দ্বিতীয় ইনিংসের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৯৭ রান তুলেছে তারা। ইংল্যান্ড লাল বলের দল থেকে বাদ পড়া ওপেনার জ্যাক ক্রলি করেছেন ৫৪ রান। এছাড়া অভিজ্ঞ ব্যাটার স্যাম নর্থইস্ট ৯৬ রান এবং অধিনায়ক ড্যানিয়েল বেল ড্রামন্ড ১৭ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

ডিভিশন টু থেকে ডিভিশন ওয়ানে উন্নীত হওয়ার লড়াইয়ে এই ম্যাচটি কেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকায় বর্তমানে দুই নম্বরে রয়েছে কেন্ট, আর উস্টার রয়েছে চার নম্বরে। এর আগে জুনেও কেন্টের হয়ে দুই ম্যাচে ১২ উইকেট শিকার করে চমক দেখান হাসান। এবারের কাউন্টি আসরে তার এই অসাধারণ প্রত্যাবর্তন দলের শিরোপা জয়ের স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছে।