কলকাতা ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা যাওয়ার ক্ষেত্রে অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উপ-হাইকমিশন জানায়, গত ১৯ আগস্ট কলকাতায় সংঘটিত অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশিদের এসব নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হোটেলটির বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে যথাযথভাবে জেনে ভ্রমণ করতে বলা হয়েছে।
চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া রোগীদের সঙ্গে থাকা ব্যক্তিদেরও (অ্যাটেনডেন্ট) কলকাতায় আসার আগে হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট হোটেলে কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের মেয়াদ, হোটেল থেকে হাসপাতালের দূরত্ব ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে কলকাতায় আসার আগেই নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলকাতায় সাম্প্রতিক সময়ে সংঘটিত অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থাপনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় নিরাপত্তাবিধি ও অন্যান্য আইন-কানুন মেনে এসব হোটেল পুনরায় চালু হতে এক মাসের বেশি সময় লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এমন পরিস্থিতিতে কলকাতায় গিয়ে আবাসনের সমস্যায় পড়া এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন
