আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর তাকে এক অভূতপূর্ব ও আবেগঘন শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দেশটির ঘরোয়া ফুটবলের সব বিভাগ ও ডিসিপ্লিনের আসন্ন ম্যাচগুলো সাক্ষী হবে অনন্য এক দৃশ্যের। ম্যাচের বয়স ১০ মিনিট হলে থেমে যাবে খেলা, পরের এক মিনিট ধরে চলবে করতালি। এভাবেই নিজেদের মহাতারকাকে সম্মান জানানোর বিশেষ আয়োজন আয়োজন করেছে এএফএ।
এএফএ-এর আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে, সপ্তাহের শেষে অনুষ্ঠাতব্য সব পুরুষ ও নারী বিভাগের ম্যাচে প্রথমার্ধের দশম মিনিটে খেলা এক মিনিটের জন্য থামিয়ে দেয়া হবে। পাশাপাশি যেসব স্টেডিয়ামে ভিডিও বোর্ড রয়েছে, সেখানে কিক-অফের আগে মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের বিশেষ ট্রিবিউট ভিডিও প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলের হারে বিশ্বকাপ শিরোপা খোয়ায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জার্সিতে সেটিই হয়ে থাকলো মেসির শেষ ম্যাচ। গত সোমবার ইনস্টাগ্রামে এক হাতে লেখা নোটের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। ২০০৫ সালে সিনিয়র দলে অভিষেকের পর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আকাশি-সাদা জার্সিতে রূপকথার জন্ম দেন তিনি। ১২৫ গোল নিয়ে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসিই। এছাড়া, রেকর্ড ৬টি বিশ্বকাপ খেলা এই মহাতারকা প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩৪টি ম্যাচ এবং ২৩টি জয়ের অনন্য রেকর্ডের মালিক। ২০১৪ সালের ফাইনালে আক্ষেপের পর ২০২২ সালে কাতার বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরে দেশের ৩৬ বছরের শিরোপা খরার অবসান ঘোচান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বিদায়ী বার্তায় মেসি লেখেন, ‘আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি। দেয়ার মতো আর কিছু বাকি নেই। এটি এমন এক সিদ্ধান্ত যা আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে। এবং এখনো ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে, তবুও আমি বুঝতে পেরেছি বিদায় নেয়ার সঠিক সময় এটিই।’
