চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উত্তর আগ্রাবাদ এলাকার রমনা আবাসিক প্রকল্পের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। ওই সময় তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে স্ত্রী বাসায় ফিরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে মৃত্যুর আগে ছায়েদুর রহমানের আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেননি তার সহকর্মীরা। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি দাপ্তরিক একটি সভায় সহকর্মীদের সঙ্গে ছিলেন। সভায় তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে বলে জানিয়েছেন সহকর্মীরা।

জানা গেছে, প্রায় দুই বছর আগে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান ছায়েদুর রহমান। পারিবারিক জীবনে তিনি তিন মেয়ের বাবা। বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএসের শিক্ষার্থী। তারা দুজনই ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক হিসেবে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।