সেবা পাওয়ার আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অসুস্থ মানুষের ভোগান্তি, রোগী হয়রানি, অতিরিক্ত টাকা আদায় এবং অর্থের বিনিময়ে নিয়ম ভেঙে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বাস্তব চিত্র যাচাই করতে রোগীর ছদ্মবেশে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের একটি দল প্রায় আড়াই ঘণ্টা অভিযান পরিচালনা করে।
অভিযানের শুরুতে দুদকের দুই সদস্য সাধারণ রোগীর ছদ্মবেশে টিকিট কাউন্টারসহ বিভিন্ন সেবাকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা নেয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরে মূল টিম হাসপাতালের ব্লাড ব্যাংক, জরুরি বিভাগ, প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি, অপারেশন থিয়েটার, সিসিইউ ও রান্নাঘর পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে। অভিযানকালে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান, হয়রানি, অতিরিক্ত টাকা আদায় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ করেন কর্মকর্তারা।
উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানা বলেন, রোগী হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, প্যাথলজি বিভাগে অনিয়ম, অপরিচ্ছন্ন পরিবেশ ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, অর্থের বিনিময়ে মৃত্যুসনদ দেয়ার একটি গুরুতর অভিযোগও পাওয়া গেছে। এ বিষয়ে নথিপত্র ও তথ্য যাচাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। দুদক জানিয়েছে, অভিযানে সংগৃহীত তথ্য ও নথিপত্র বিশ্লেষণ করে হাসপাতালের অনিয়মের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
