ময়মনসিংহে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ

ফন্ট সাইজ:

গ্যাস না পেয়ে ১২ ঘণ্টার ব্যবধানে ভালুকায় ও ত্রিশালে দুইবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সিএনজিচালকরা। মঙ্গলবার রাত ১০টার দিকে ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পের সামনে ও বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে সিএনজিচালকরা। ভরাডোবা হাইওয়ে থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পে গ্যাস না পেয়ে সিএনজিচালকরা মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে খবর আসে গ্যাস না পেয়ে এসএনএস সিএনজি পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সিএনজিচালকরা। এমন খবরে ঘটনাস্থলে গিয়ে দেখি ২০/২৫ জন সিএনজিচালক মহাসড়কের মাঝখানে একটি সিএনজি দাঁড় করিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে সিএনজি সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে জানতে পারি, এসএনএস পাম্পে গ্যাস ছিল না। তাই সিএনজিচালকরা মহাসড়ক অবরোধ করে।

এদিকে, বুধবার সকালে ত্রিশাল উপজেলায় সিএনজিচালকরা নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সিএনজিচালকরা জানান, সিএনজিতে নামমাত্র গ্যাস দিচ্ছে। এক থেকে দুই ট্রিপ মারার পর আবার গ্যাস শেষ হয়ে যায়। অথচ একবার গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এমতাবস্থায় আমাদের পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। একবেলা খাই তো, আরেক বেলা না খেয়ে থাকতে হয়।