সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান ১৭ বাসকে জরিমানা

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাই করে ১৭টি বাসকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কাগজপত্রে বিভিন্ন ত্রুটি পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় এসব বাসের বিরুদ্ধে মামলা দিয়ে অর্থদণ্ড করা হয়। বুধবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ কার্যালয়ের সমন্বয়ে গঠিত উপজেলা টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোর ফিটনেস, নিবন্ধন, ট্যাক্স, রোড পারমিট ও চালকদের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

এ সময় বিভিন্ন কাগজপত্রে ত্রুটি পাওয়ায় ১৭টি বাসের বিরুদ্ধে ১৭টি মামলা করা হয় এবং মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ত্রুটিপূর্ণ কাগজপত্র দ্রুত সংশোধন ও হালনাগাদ করার নির্দেশ দেয়া হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, ‘গত আগস্ট মাস থেকে শান্তিগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ কার্যালয়ের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে।’ অভিযানে উপস্থিত ছিলেন— শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব, সুনামগঞ্জ বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেল ও শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের নাজির আবু বকর প্রমুখ।