সিলেটে ট্রিপল মার্ডার

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্ত চাইলেন শোকাহত দুই বোন

ফন্ট সাইজ:

সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে ট্রিপল মার্ডার খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত চাইলেন শোকাহত দুই বোন সেলিনা সুলতানা ও তারানা সুলতানা। মঙ্গলবার সিলেটে সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ দাবি করেন। গতকাল বুধবার এ নিয়ে এক প্রেস ব্রিফিংয়েও সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করলেন তারা। দুপুরে মহানগরের জল্লারপাড়স্থ খান হাউজে এ প্রেস ব্রিফিং করা হয়। এতে আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের মেয়ে সেলিনা সুলতানা শিখা ও তারানা সুলতানা শিমু বক্তব্য রাখেন। এ সময় দুই বোন বলেন— এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চায় সবাই। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরেছি। তিনি আশ্বাস দিয়েছেন— সুষ্ঠু তদন্ত ও বিচারের। পাশাপাশি তদন্ত দ্রুত সম্পন্ন করার জন্য প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশও দিয়েছেন তিনি। আমরা এখন আশাবাদী, সঠিক বিচার পাবো।

মামলার বাদী সেলিনা সুলতানা বলেন- ‘আমরা এজাহারে নির্দিষ্ট করে কারও প্রতি অভিযোগ তুলিনি। আমরা শুধু পুলিশের নজরে নিয়ে এসেছি যে, আমাদের বাবার জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে একজন আইনজীবীর সঙ্গে। এখন নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে তিনি জড়িত আছেন কিনা সেটি বের করার দায়িত্ব পুলিশের।’ তারা বলেন- ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও যদি সুষ্ঠু বিচার না পাই তবে আমরা পরবর্তীতে এভাবে সংবাদ সম্মেলন করে সিলেটবাসীকে সিদ্ধান্ত জানাবো।’ গত ১২ই আগস্ট সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন আওয়ামী লীগ নেতা ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এম এ সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম। এ ঘটনায় হত্যাকাণ্ডের দিন পুলিশ বাবুল মিয়া নামে এক রংমিস্ত্রিকে গ্রেপ্তার করে।