চট্টগ্রামের তিন উপজেলায় পৃথক ঘটনায় এক মাদ্রাসাছাত্রী, এক গৃহবধূ ও তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত বোয়ালখালী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় এসব ঘটনা ঘটে। বোয়ালখালী ও ফটিকছড়িতে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধারের পর তার বাবার অভিযোগ, মেয়েকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালখালীর পূর্ব শাকপুরা এলাকা থেকে রাইসা আনঞ্জুম রামিসা (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রামিসা শাকপুরা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
সে বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়খালী মিয়া বাপের বাড়ির প্রবাসী মো. জামাল উদ্দিনের মেয়ে। রামিসা পূর্ব শাকপুরায় তার এক বৃদ্ধ নানির সঙ্গে থাকতো।
স'ানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরে রামিসা। পরে বিকালে ঘরের ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে তাকে ঝুলন্ত অবস'ায় উদ্ধার করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাতালশাহ পাড়ায় শ্বশুরবাড়িতে সুমাইয়া সিদ্দিকা (২৪) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহতের বাবা নজরুল ইসলাম প্রকাশ একুশ কোম্পানি জানান, প্রায় তিন বছর আগে ইসলামপুর কাতালশাহ পাড়ার আবুল কাশেম বাড়ির আবু বক্করের ছেলে ওমর ফারুকের সঙ্গে প্রেমের সম্পর্কের পর সুমাইয়ার বিয়ে হয়। তার স্বামী সৌদি আরব প্রবাসী। তাদের কোনো সন্তান নেই। নিহতের বাবার দাবি, পারিবারিকভাবে স্বামী-স্ত্রীর মধ্যে বড় ধরনের কোনো কলহ ছিল না। তবে শ্বশুরবাড়িতে এনজিও সংস'ার ঋণ নেয়া নিয়ে কিছুটা ঝামেলা চলছিল। তিনি বলেন, প্রতিবেশীর কাছ থেকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে সুমাইয়াকে বিছানায় মৃত অবস'ায় দেখতে পান। তবে সুমাইয়ার বাবার দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; তার মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে ফটিকছড়িতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় সামিয়া হাকিম নিহা (১৮) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার মো. লোকমান হাকিম ও শারমিন আকতারের মেয়ে। মাত্র পাঁচ মাস আগে পারিবারিকভাবে সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর এলাকার মৃত মোহাম্মদ জহুরুল আলমের ছেলে মোহাম্মদ মারুফ পারভেজ (৩০)-এর সঙ্গে তার বিয়ে হয়েছিল। নিহতের পরিবার জানায়, বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নিহাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
এ ঘটনায় বুধবার নিহতের মা শারমিন আকতার ফটিকছড়ি থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় নিহতের স্বামী মো. মারুফ পারভেজ ও ননদের স্বামী মো. আলাউদ্দিনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
