গাকৃবি ও সিরডাপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐকমত্য

ফন্ট সাইজ:

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ)-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন উভয় প্রতিষ্ঠানের প্রধানগণ। সেই সঙ্গে অল্প সময়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে উভয় পক্ষই অভিমত ব্যক্ত করেন। এর মধ্যদিয়ে কৃষি, পল্লী উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঐকমত্যে পৌঁছান সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর এবং গাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবি উপাচার্য।

অনুষ্ঠানের শুরুতে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক যাত্রা, শিক্ষা-গবেষণা এবং সামপ্রতিক অর্জন ও সাফল্য নিয়ে একটি প্রাণবন্ত ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটি অতিথিদের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক অগ্রযাত্রার একটি সংক্ষিপ্ত কিন' জীবন্ত চিত্র তুলে ধরে। এরপর অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা।
আলোচনায় গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গাকৃবি শুধু কৃষি শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান হিসেবে নয়, দেশের পল্লী ও কৃষির বাস্তব সমস্যার সমাধানে জ্ঞানভিত্তিক নেতৃত্ব দিতে চায়। সিরডাপের সঙ্গে এই সহযোগিতা গবেষণা, প্রশিক্ষণ ও উদ্ভাবনকে মাঠ পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেয়ার নতুন সুযোগ তৈরি করবে। সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অগ্রযাত্রা আমাদের মুগ্ধ করেছে। সিরডাপ ও গাকৃবি’র অভিজ্ঞতা ও সক্ষমতাকে একত্র করা গেলে এ অঞ্চলের পল্লী উন্নয়ন, কৃষি ও মানবসম্পদ বিকাশে কার্যকর ও টেকসই উদ্যোগ নেয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে সিরডাপের মানবসম্পদ ও প্রশাসন শাখার প্রধান এফ এ এম জাকিরুল হক উপসি'ত ছিলেন। অন্যদিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপসি'ত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, সিনিয়র শিক্ষক এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্‌ মৃধা। আলোচনা শেষে গাকৃবি’র মাঠ পর্যায়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম এবং ল্যাব পরিদর্শন করেন ড. পি. চন্দ্র শেখর। সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন, শিক্ষার্থীদের গবেষণা ও বিভিন্ন প্রকল্পে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কৃষি ও পল্লীর উন্নয়নভিত্তিক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টগণ আশা করছেন।