মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

ফন্ট সাইজ:

মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. ফয়জুল করিম ময়ূন বলেছেন, স্বাধীনতার পূর্ণ স্বাদ পেতে এ দেশের মানুষকে অনেক প্রাণের বিনিময়ে গোলামির জিঞ্জির থেকে মুক্ত হতে হয়েছে। তবে স্বাধীনতার ইতিহাসের পাশাপাশি বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসও আমাদের জানা প্রয়োজন। বাংলা ভাষার জন্য প্রথম কোনো সংগঠন আওয়াজ তুলেছিল, সেই ইতিহাসও স্মরণ করা জরুরি। তিনি বলেন, ১৯৪৭ সালের ১লা সেপ্টেম্বর বাংলা ভাষার জন্য প্রথম আওয়াজ তুলেছিল তমদ্দুন মজলিস। মঙ্গলবার রাতে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম ময়ূন এসব কথা বলেন।

তমদ্দুন মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমেদ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খিজির মোহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম সিদ্দিকী, শিক্ষক বাবুল উদ্দিন খান, বিশিষ্ট ব্যাংকার আব্দুল বাছিত, অধ্যাপক আব্দুল্লাহ, মুহিবুর রহমান মুহিব, শিক্ষক মুর্শেদ মুন্না, মহসীন খান, ফাতেমা জহুরা বিউটি, জহির খান প্রমুখ। সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের ইতিহাসে তমদ্দুন মজলিসের ভূমিকা তুলে ধরেন। তারা ভাষা আন্দোলনের প্রাথমিক পর্যায়ের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।