বগুড়া নয়, আগামী ১০ই মার্চ রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। এর আগে ১০ই মার্চ প্রধানমন্ত্রীর বগুড়া সফর করে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেয়ার কথা ছিল।
তবে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে থাকায় সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন।
বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া এ আসনে আগামী ৯ই এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন। এতে বিএনপি’র প্রার্থী হিসেবে রয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
