অপার সৌন্দর্যের আলীকদমে পর্যটনের হাতছানি

অপার সৌন্দর্যের আলীকদমে পর্যটনের হাতছানি

ফন্ট সাইজ:

প্রকৃতির বৈচিত্র্যময় রূপ ও পাহাড়ি সৌন্দর্যে সমৃদ্ধ বান্দরবানের আলীকদম উপজেলা হতে পারে দেশের অন্যতম সেরা প্রকৃতি ও এডভেঞ্চার পর্যটন কেন্দ্র। সুউচ্চ পাহাড়, ঘন সবুজ বন, পাহাড়ি ঝিরি, স্বচ্ছ জলধারা আর মেঘের আনাগোনা প্রতিনিয়ত আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমীদের। ?উপজেলা সদরের কয়েক কিলোমিটার দূরে অবস্থিত প্রাকৃতিক রহস্যে ঘেরা ‘আলীর গুহা’ পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। আলীকদম-থানচি সড়কের ‘ডিম পাহাড়’ এলাকায় পাহাড়ি আঁকাবাঁকা পথ আর মেঘের ছোঁয়া ভ্রমণের রোমাঞ্চ বহুগুণ বাড়িয়ে দেয়। এ ছাড়া, উঁচু পাহাড় চূড়ার নির্জন পরিবেশ ও বৌদ্ধ উপাসনালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ‘মারায়ন তং’ এবং দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে বুক চিরে নেমে আসা ‘দামতুয়া ঝরনা’ এডভেঞ্চারপ্রিয় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি পাহাড়ি জনপদের নিজস্ব সংস্কৃতি, নদী ও পাহাড়ে স্থানীয় মানুষের জীবনধারা আলীকদমের সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে। যাতায়াতের জন্য স্থানীয় চাঁদের গাড়ি, মোটরবাইক ও নৌকা ব্যবহৃত হয়। উপজেলা সদরে আলীকদম বোর্ডিং ও আর্কিড, মারাংতং, রূপমহুরী হোটেল দামতুয়া ইনসহ কিছু আবাসিক সুবিধা থাকলেও দুর্গম পর্যটন কেন্দ্রগুলোর আশপাশে মানসম্মত আবাসন ব্যবস্থা এখনো সীমিত।

স্থানীয়দের মতে, পরিবেশবান্ধব আবাসন, দক্ষ গাইড তৈরি, বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন ও প্রচার করা গেলে আলীকদম দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।