শায়েস্তাগঞ্জে পচে যাচ্ছে লাখ টাকার সরকারি গাছ

শায়েস্তাগঞ্জে পচে যাচ্ছে লাখ টাকার সরকারি গাছ

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় দীর্ঘদিন ধরে পড়ে আছে ঝড়ে উপড়ে পড়া বিশাল আকৃতির একটি কড়ই গাছ। রেলওয়ে চিকিৎসালয়ের সামনে পড়ে থাকা গাছটির আনুমানিক মূল্য প্রায় লাখ টাকা বলে ধারণা করছেন স্থানীয়রা। সরকারি জায়গায় পড়ে থাকা মূল্যবান এ গাছটি নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হলে একদিকে যেমন সরকারি সম্পদ রক্ষা করা সম্ভব হতো, অন্যদিকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব সরকারি কোষাগারে জমা হতো। কিন্তু দীর্ঘদিন পার হলেও গাছটি অপসারণ, সংরক্ষণ কিংবা নিলামের দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়া হয়নি। এদিকে খোলা জায়গায় পড়ে থাকায় সামপ্রতিক সময়ে বার বার বৃষ্টির পানিতে ভিজে গাছটির বিভিন্ন অংশে পচন ধরতে শুরু করেছে। দীর্ঘ সময় এভাবে পড়ে থাকলে গাছটির কাঠের গুণগত মান নষ্ট হয়ে এর বাজারমূল্য অনেক কমে যেতে পারে। ফলে সময়মতো ব্যবস্থা না নিলে সরকারি সম্পদের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে প্রবল ঝড়ের সময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের রেলওয়ে চিকিৎসালয়ের সামনে থাকা বিশাল আকৃতির কড়ই গাছটি উপড়ে পড়ে যায়। এরপর থেকে গাছটি সেখানেই পড়ে রয়েছে। প্রথমদিকে গাছটির কাঠ বেশ মূল্যবান ও ব্যবহারযোগ্য থাকলেও দীর্ঘদিন ধরে মাটির সঙ্গে ও খোলা জায়গায় পড়ে থাকায় এর বিভিন্ন অংশে আর্দ্রতা জমছে। বৃষ্টির পানি কাঠের গায়ে ও গাছের ভেতরের অংশে ঢুকে যাওয়ায় ধীরে ধীরে পচন ধরার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী (পূর্ত) আব্দুর রউফ বলেন, গাছটির বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত নিলামের কোনো অনুমতি পাওয়া যায়নি। অনুমতি সাপেক্ষে নিয়মনীতি মেনে গাছটি সংরক্ষণ অথবা নিলামের ব্যবস্থা করা হবে।