আমরা জনগণের সেবক হিসেবে ভূমিকা রাখতে চাই: রিতা

আমরা জনগণের সেবক হিসেবে ভূমিকা রাখতে চাই: রিতা

ফন্ট সাইজ:

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আমাদের প্রধান কাজ এখন জনগণের সেবা করা। আমরা জনগণের সেবক হিসেবে ভূমিকা পালন করতে চাই, যাতে সাধারণ মানুষ কোনোভাবেই কষ্ট বা দুর্ভোগের শিকার না হয়। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপি’র আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, জনগণের কল্যাণেই আজ আমাদের রাজনৈতিক পরিচয়। তাই দলের ছোট-বড় সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমার বিনীত অনুরোধ- আপনারা দলকে ভালোবাসুন, নিজ জেলাকে ভালোবাসুন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি দিকনির্দেশনা ও কাজকে অনুসরণ করুন। তবেই মানিকগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জেলায় পরিণত করার যে স্বপ্ন ও লক্ষ্য আমাদের রয়েছে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আফরোজা খানম রিতা আরও বলেন, সামনে স্থানীয় নির্বাচন আসছে। আপনারা দলের প্রতি শ্রদ্ধা বজায় রেখে যোগ্য প্রার্থী বিবেচনা করবেন।

দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি দলের প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একইসঙ্গে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে। মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ জেলা পরিষদের এডভোকেট জামিলুর রশিদ খান, আজাদ হোসেন খান প্রমুখ।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে বিকালে মানিকগঞ্জ শহীদ স্মৃতি স্তম্ভ থেকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার নেতৃত্বে বিশাল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহর প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর শুভযাত্রায় অংশ নেন।