দেশে ফেরার পথে বেনাপোলে ভারতীয় নাগরিকের মৃত্যু

দেশে ফেরার পথে বেনাপোলে ভারতীয় নাগরিকের মৃত্যু

ফন্ট সাইজ:

বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে ভারতে ফেরার পথে বেনাপোলে গৌতম মিস্ত্রি (৫৫) নামের এক ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে গৌতম বেনাপোল বন্দরে পৌঁছানোর পর গাড়ি থেকে নামতেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। গৌতম মিস্ত্রি ভারতের কলকাতার কালিয়ানগর, সুরাইয়া সেন পল্লীর বাসিন্দা। তিনি রমনী মিস্ত্রির ছেলে। নিহতের স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২শে আগস্ট স্বামীকে সঙ্গে নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা।

পরে বরিশালে এক আত্মীয়ের বাড়িতে যান। সেখানে ১২দিন অবস্থান শেষে বুধবার ভারতে ফেরার জন্য বেনাপোলে পৌঁছান। গাড়ি থেকে নামার পরই গৌতম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ভারতীয় এক পাসপোর্টধারী যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার স্ত্রী বেনাপোল ইমিগ্রেশন দপ্তরে এসেছিলেন। মরদেহ ভারতে পাঠানোর জন্য ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তাকে পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, কাগজপত্র পাওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ভারতে পাঠানোর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।