রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান একই এলাকার নূর আহমেদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল (৪৫) একই এলাকার মো. ছুফির ছেলে বলে জানা গেছে। নিহতের স্বজনদের দাবি- সকালে একটি বিয়েসংক্রান্ত বিষয় নিয়ে অভিযুক্ত মোজাম্মেলের সঙ্গে নিহতের চাচাতো ভাইয়ের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে সন্ধ্যার পর স্থানীয় বাজারে মান্নানের চাচাতো ভাইকে হত্যার হুমকি দেন মোজাম্মেল। এ সময় মান্নানের প্রতিবাদ করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

স্বজনদের অভিযোগ, এরই জেরে রাত ৮টার দিকে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় মান্নানের ওপর পেছন দিক থেকে হামলা চালায় মোজাম্মেল। ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তিনি হামলাকারী হিসেবে মোজাম্মেলের নাম উল্লেখ করেন বলে জানান স্বজনরা।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর পরিবার থানায় এলে মামলা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।