ফেনীর দাগনভূঞা উপজেলার সাপুয়া উচ্চ বিদ্যালয়ের পর ভবানীপুর উচ্চ বিদ্যালয়েরও সভাপতি নির্বাচিত হলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. বাকী বিল্লাহ। তিনি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের কৃতী সন্তান। ওই ইউনিয়নের গুরুত্বপূর্ণ দু’টি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বাকীকে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পেশাজীবীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক ও কর্মচারীরা নতুন সভাপতি পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার সার্বিক মানোন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নের প্রত্যাশা জানান। গত ২৭শে আগস্ট কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে বাকীকে এডহক কমিটির সভাপতি করার তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, বোর্ড কর্তৃক মনোনীত হয়ে মো. বাকী বিল্লাহ সভাপতি, পদাধিকারবলে প্রধান শিক্ষক সদস্য সচিব ও শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সাবিকুন নাহার, আর অভিভাবক সদস্য হয়েছেন আবুল হোসেন। এর আগে টানা দুইবার রাজাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাপুয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য নির্বাচিত হন বাকী। তার নেতৃত্বে শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামো উন্নয়নে প্রশংসায় ভাসছেন তিনি। ভবানীপুর উচ্চ বিদ্যালয়েও শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে বাকী বিল্লার অগ্রণী ভূমিকা প্রত্যাশা করেন স্থানীয়রা।
সভাপতি নির্বাচিত করায় ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বাকী বিল্লাহ।
