নেত্রকোণায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নেত্রকোণায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোট ১৩ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। গ্রেপ্তারকৃতদের মধ্যে মদন উপজেলার মদন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মদন ইউনিয়ন যুবলীগের সভাপতি খাইরুল ইসলাম আকন্দ অন্যতম। তাকে ৫ই আগস্টের বিভিন্ন ঘটনাসহ আরও কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মদন থানার ওসি মো. তরিকুল ইসলাম।

কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডেপুটি স্পিকার কর্তৃক রোপণকৃত মেহগনি গাছের চারা উপড়ে ফেলার মামলায় গ্রেপ্তার হয়েছেন বলে নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান। পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক নূরুল আমীনকেও গ্রেপ্তার করা হয়েছে।

নূরুল আমিন ৫ই আগস্টের পর দায়েরকৃত একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়াও জারিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য ইসলাম উদ্দিন শান্তকেও আটক করেছে একই থানার পুলিশ। অন্যদিকে, নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিবসহ শেখ সাহেদ ও ফাহিম খানকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ ছাড়া, গতকাল নেত্রকোণা পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আনিসুর রহমান টুটনসহ ছয়জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।