এক-দেড় সপ্তাহের মধ্যেই গ্যাসের সংকট নিরসন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এটা সরকারের কমিটমেন্ট।’
বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের কাছে মহানগর উত্তরের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারা দেশের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। নিম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘মহেশখালীর গ্যাসের টার্মিনালে কারিগরি ত্রুটি হয়েছিলো, সেটা এখন ঠিক হয়ে এসেছে। ওখানে গ্যাস পুনর্ভরণ হলে আপনারা দেখবেন যে, এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই গ্যাসের সচল সরবরাহ হবে, গ্যাস সংকটের নিরসন হবে।’
তিনি বলেন, ‘রান্নাঘরে এখন গ্যাসের অভাবের যে চুলা কম কম করে জ্বলছে, সেই চুলা আবার জ্বলতে থাকবে। মিল-কলকারখানার জন্য যে পর্যাপ্ত জ্বালানি দরকার, সেই জ্বালানির ব্যবস্থা ইনশাআল্লাহ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে, এটা সরকারের কমিটমেন্ট।’
রিজভী বলেন, ‘এই যে জনগণের দুর্ভোগ, এই দুর্ভোগকে নিরসন করার জন্য ইতিমধ্যেই দ্রুত এলএনজি কেনা, জ্বালানি কেনার জন্য সরকার আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাজেটে জ্বালানি খাতে যে বরাদ্দ আছে তার অতিরিক্ত এটি। সরকার বসে নেই।’
জ্বালানি সংকট বর্তমান সরকারের ত্রুটির কারণে নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এই সংকট সরকারের ত্রুটির কারণে নয়। আপনারা জানেন, আমেরিকা-ইরান যুদ্ধ চলছে এবং মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে সবচাইতে বেশি জ্বালানির জাহাজ আসে, কার্গো আসে-সেই হরমুজ প্রণালি বন্ধ৷ সেখানে সবাই ভয় পাচ্ছে যে মাইন পোতা আছে, বোম পোতা আছে। আবার আকাশ দিয়ে বোম পড়ছে। যেহেতু যুদ্ধ চলছে, সেজন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ আছে।’
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, ‘ফলে গ্যাস সংকট একটা গ্লোভাল সংকট। এই সংকট কীভাবে নিরসন করা যায়, সেজন্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ প্রত্যেকটি জায়গায় আমাদের সরকার উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছে এবং দ্রুত যাতে এটা মোকাবিলা করা যায়, সেই ব্যবস্থা তারা নিয়েছে।’
এ সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
