জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

ফন্ট সাইজ:

জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছেন। মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, দেওয়ানগঞ্জ সদরের পুরোনো রেললাইন এলাকায় নিজ বাড়ির বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ১৪ বছরের কিশোর রাজু। বিদ্যুতের তারে আটকে থাকা ছেলেকে উদ্ধার করতে যান তার মা। আর এতেই বিদ্যুৎস্পৃষ্ট হন মা লাকি আক্তার (৪০)। পরে তাদের উদ্ধারে এগিয়ে গেলে রাজুর দাদি বুলি বেগমও গুরুতর আহত হন।
তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাজু ও লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
অন্যদিকে, মেলান্দহ উপজেলার মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জুনায়েদ হাসান তাইব (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিরতির সময় শ্রেণিকক্ষে বই রেখে বাইরে খেলতে যায় তাইব। বিরতি শেষে বই আনতে শ্রেণিকক্ষে ফেরার সময় ভবনের ছাদের কাছে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।