ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকবিরোধী অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ লাখ টাকাসহ বিএনপি নেতা নাজির হোসেন সস্ত্রীক গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাণীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাঁও ইউপির ১নং ওয়ার্ডের বিএনপির সভাপতি। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৬০ সিসি হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন।
পুলিশ জানায়, সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানার ভাতুরিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মহেন্দ্রগাঁও (জিগা) গ্রামের নয়াবাঁশ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন মো. নাজির হোসেন (৫৫)। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।
আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে। একপর্যায়ে নাজির হোসেনের স্ত্রী মোছা. নাজমা বেগম (৪৮) সেখানে এলে তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত নাজির হোসেন ও নাজমা বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে হরিপুরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। নাজমা মাদক বিক্রির অর্থের জোগান ও সহযোগিতা করতেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় মাদক সরবরাহকারী, সহযোগী ও ক্রেতাসহ আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। মাদকের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দু’জনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।
ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ১০ লাখ টাকাসহ বিএনপির নেতা সস্ত্রীক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে
বাংলারজমিন
২ ঘন্টা আগে
১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬, ১০ঃ১৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
