বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি

বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়ায় তারেক রহমানকে ধন্যবাদ জানান ট্রাম্প। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ ধন্যবাদ ও সাক্ষাতের আশাবাদের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, চিঠিতে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। সোমবার হোয়াইট হাউসের প্যাডে পাঠানো ওই চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, এ বিষয়ে (বোয়িং ক্রয়) আপনার মনোযোগের কথা ভুলবো না।

ট্রাম্প প্রত্যাশা ব্যক্ত করে চিঠিতে বলেছেন, শিগগিরই আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে বলেন, নানা প্রতিকূলতার মধ্যদিয়ে গেলেও আপনার (তারেক রহমান) নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে আমি বিশ্বাস করি।

প্রেসিডেন্ট তার চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসার কথা জানিয়েছেন।
গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর এক এক্স পোস্টে ‘নতুন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কিনতে রাজি হয়েছে বলে জানান। এ সপ্তাহে বোয়িংয়ের কেনাকাটা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি ‘অভূতপূর্ব চুক্তি’ হয়েছে বলে উল্লেখ করেন সার্জিও গর। যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের এই তথ্য প্রকাশের একদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন।