দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি পার্বতীপুরে পৌঁছে বিভিন্ন রেলের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। রাষ্ট্রদূতের পরিদর্শনকালে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসিনুজ্জামানসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও রাষ্ট্রদূতের নিরাপত্তায় রেলওয়ের নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, পার্বতীপুর মডেল থানা পুলিশ এবং রেলওয়ের গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় রাষ্ট্রদূত রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। শেষে রাষ্ট্রদূত নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুরের উদ্দেশ্যে পার্বতীপুর ত্যাগ করেন।
