সিলেটের গোলাপগঞ্জে আবাসন প্রকল্পকে কেন্দ্র করে বিরোধ, বসতঘরে পরিকল্পিত ভয়াবহ অগ্নিকাণ্ড, মামলা দায়েরের পর হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ধারাবহর, পশ্চিম আমুড়া ইউনিয়নের বাসিন্দা মুক্তা আহমদ। মঙ্গলবার গোলাপগঞ্জ অনলাইন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি। লিখিত বক্তব্যে মুক্তা আহমদ জানান, শরীফ উদ্দিন ‘লেকভিউ গার্ডেন সিটি’ নামে একটি আবাসন প্রকল্প করছেন।
প্রকল্পের কাজে এক জায়গা থেকে মাটি কেটে অন্য জায়গায় নিয়ে জমি ভরাট করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তার দাবি, এ নিয়ে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও পুলিশ একাধিকবার ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয় এবং মাটিকাটা ও ভরাটে বাধা দেয়। তবে এসব ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে তাদের পরিবারের ওপর চাপ ও হুমকি দেয়ার পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ করেন তিনি। মুক্তা আহমদ অভিযোগ করেন, শরীফ উদ্দিনের কথিত লোকজন তাদের বাড়িতে এসে গালিগালাজ করেন এবং তার ভাই মান্না আহমদকে প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে নিরাপত্তা চেয়ে মান্না আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় আবেদন করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে তখন পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয় বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১২ই আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে গোলাপগঞ্জ উপজেলা এসিল্যান্ডের নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সে সময় শরীফ উদ্দিনের আবাসন প্রকল্পে মাটি ভরাটের কাজ চলছিল বলে উল্লেখ করা হয়। মুক্তা আহমদ বলেন, গত ১৭ই আগস্ট ভোরে শরীফ উদ্দিন ও ডেভিল আফজল হোসেনের নেতৃত্বে বাড়িতে আগুন লাগানো হয়। অগ্নিকাণ্ডে তাদের সাত কক্ষের পুরো বাড়ি পুড়ে যায়। এমন অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ৮০ থেকে ৯০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
পরে ২৪শে আগস্ট সিলেটের আদালতের আশ্রয় নিয়ে মামলা রেকর্ডের জন্য আবেদন করা হয় বলে তিনি জানান। মুক্তা আহমদ বলেন, অগ্নিকাণ্ডের পর তার ভাই মান্না আহমদ যে বক্তব্য দিয়েছিলেন, এজাহারে তার সবকিছু উল্লেখ করা হয়নি বলে তারা মনে করছেন। তার দাবি, ঘটনার পর শরীফ উদ্দিন ও ডেভিল আফজাল হোসেনের লোকজন তাদের বাড়ির আশপাশে অবস্থান করছিল এবং ভয়ভীতি প্রদর্শন করছিল। শরীফ উদ্দিন বা অন্য কারও নাম উল্লেখ করলে পরিবারের সদস্যদের ক্ষতি করা হতে পারে-এমন ভয় দেখানোর কারণে তার ভাই তখন অনেক বিষয় প্রকাশ্যে বলতে পারেননি বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
