ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা পৌরশহরে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পৌরশহরের বিভিন্নস্থানের ৫টি গোডাউনে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসব পলিথিনের বাজারমূল্য অন্তত ২২ লাখ টাকা।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ওইসব গোডাউন মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পলিথিন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবেশ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
