সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাইট মিশন ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন- আধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদারের উদ্যোগ নেয়া হবে। তিনি মঙ্গলবার সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণকেন্দ্রের কার্যক্রম পরিদর্শন এবং ড্রোনের ব্যবহারিক প্রদর্শনীও উপভোগ করেন। মন্ত্রী বলেন- সীমান্ত এলাকায় অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশকে আধুনিকায়ন করা হচ্ছে। এতে করে চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশে ড্রোন তৈরি ও সংযোজনের উদ্যোগ নেয়া হচ্ছে, যা একসময় প্রতিরক্ষা শিল্পে রূপ নিতে পারে।
মব সংস্কৃতি প্রসঙ্গে মন্ত্রী বলেন- মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে। ইতিমধ্যে অনেকাংশে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি জানান, ড্রোন প্রযুক্তি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্বের উন্নত ড্রোন প্রযুক্তি ধীরে ধীরে এখানে সংযোজন করা হবে এবং আগামী এক থেকে দুই বছরের মধ্যে আরও উন্নত সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে। এদিকে দিনব্যাপী সফরে স্বরাষ্ট্রমন্ত্রী বিকালে সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং পরে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী। এ ছাড়া সিলেট সেক্টরের বিভিন্ন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
