রোগী সেজে সোনার চেইন চুরি

ফন্ট সাইজ:

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের গলার দু’টি সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে দেহ তল্লাশি করে চেইন না পাওয়া গেলে এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে সোনার চেইন দু’টির অস্তিত্ব শনাক্ত করা হয়। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখানোর সময় এ ঘটনা ঘটে। আটক সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা বিবি ফাতেমা নামে এক নারীর গলায় থাকা সোনার চেইন দু’টি কৌশলে টার্গেট করে একটি চক্র। সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় চক্রের সদস্যরা ধাক্কা দিয়ে তার গলার চেইন দু’টি খুলে নেয়। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্দেহ হওয়ায় সিনারা বেগমকে রোগীর স্বজনরা আটক করে তল্লাশি চালায়। ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই নারীকে সুধারাম মডেল থানায় নেয়া হলে জিজ্ঞাসাবাদে জানায়, সোনার চেইন দু’টি গিলে ফেলেছে। এরপর এক্স-রে পরীক্ষার মাধ্যমে তার পেটের ভেতরে চেইন দু’টির অস্তিত্ব নিশ্চিত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তার পেট থেকে সোনার চেইন দু’টি বের করার ব্যবস্থা নেয়া হবে। সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান মানবজমিনকে বলেন, অভিযুক্ত নারী হাসপাতালে ভর্তি আছেন।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।