কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, নীতি-নৈতিকতাবিবর্জিত শিক্ষা কোনো শিক্ষা হতে পারে না। যে শিক্ষা একজন ভালো মানুষ তৈরি করতে পারে না, সেই শিক্ষা দেশ জাতির কোনো উপকার বয়ে আনে না। সুতরাং জিপিএ-৫ অর্জনই সব নয়, ভালো মানুষ হওয়া শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য। মঙ্গলবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে সমাজে একটি শিক্ষিত মা থাকে, সে সমাজ একটি শিক্ষিত পরিবার পায়। যে সমাজে একটি শিক্ষিত স্ত্রী থাকে, সে সমাজ শিক্ষিত সন্তান পায়। মেয়েরা আগালে সমাজ আগাবে, ছেলেরা শিক্ষিত হলে দেশ-জাতি আগাবে।
মনিরুল হক চৌধুরী আরও বলেন, নারীশিক্ষার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্যায়ে নারীদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। নারী শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে উপবৃত্তি সিস্টেম চালু করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তনে কাজ করেছেন। শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, তারেক রহমানের হাতে যত দিন দেশ থাকবে, তত দিন এ দেশ পথ হারাবে না। তোমরা বিশ্বাস রাখো, প্রধানমন্ত্রী তোমাদের নিরাস করবে না।
জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইবনে তাইমিয়া স্কুলের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, শিক্ষা বোর্ড মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন, সদর দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী প্রমুখ।
