কুমিল্লায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ফন্ট সাইজ:

কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফ হোসেন চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা মাজার বাড়ির আলী মিয়ার ছেলে। সে পেশায় ট্রাক্টরচালক।
জানা যায়, পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামের এক ব্যক্তির সিএনজি অটোরিকশা চুরি হয়। ওই চুরির ঘটনায় স্থানীয়রা সাকিল নামে সন্দেহভাজনক একজনকে আটক করে এবং সাকিলের দেয়া তথ্যমতে স্থানীয়রা সোমবার রাতে আরিফ হোসেনকে হাড়িখোলা থেকে ধরে নিয়ে যায়।

সারা রাত বিভিন্ন স্থানে নিয়ে তাকে মারধর করার পর সকালে হাড়িখোলা নিয়ে আসে। সেখান থেকে অনেক লোকজনের উপস্থিতিতে আবারো কুরুইন গ্রামের লোকজন তাকে তুলে নিয়ে যায়। কয়েকজন লোক আরিফকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা আলী মিয়া জানান, আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে তারা পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান জানান, হাসপাতাল থেকে আমাদের ফোন করার পর তাৎক্ষণিকভাবে আমি হাসপাতালে যাই। এ ঘটনায় কারা জড়িত, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।