জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিভিন্ন সময়ে বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ভেঙে টুকরো টুকরো করার চক্রান্ত করেছে। ইতিহাস সাক্ষী যারাই বিএনপিকে শেষ করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়ে গেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭ বছর বিএনপিকে কোনো সাংগঠনিক কার্যক্রম করতে দেয়নি। বিনা কারণে প্রতিটি প্রোগ্রামে হামলা করে নেতাকর্মীদের রক্তাক্ত করেছে। আবার মিথ্যা মামলা দিয়েছে। তাদের হত্যা, গুম, খুন থেকে একজন সাধারণ বিএনপি কর্মীও রেহাই পায়নি। আজ সেই আওয়ামী লীগের বাংলার মাটিতে জায়গা হয়নি। সারা দেশের নেতা ভারতে পালিয়ে গেছে।
কেউ আশ্রয় নিয়েছে কানাডা, অস্টেলিয়া আমেরিকায়। আর স্থানীয় নেতাকর্মীরা ১৭ বছরের কুকর্মের জন্য ভয়ে এলাকায় আসতে না পেয়ে বিভিন্ন বড় শহরে গোপনে বসবাস করছে। তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে। যেকোনো সময় সুযোগ পেলেই তারা দেশকে অশান্ত করতে দেশের মানুষের শান্তি নষ্ট করতে নাশকতা চালাতে পারে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টার দিকে নাটোর শহরের উপ-শহর মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
নাটের জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। আরও বক্তব্য রাখেন, দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল, মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন এবং নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ। পরে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি নাটোর শহর প্রদক্ষিণ করে।
