ফেনীতে ২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি এম আজিজুল হক মানিককে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে শুনানি শেষে ফেনী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ছালামত উল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, তিনি হাইকোর্ট থেকে তিন সপ্তাহের আগাম জামিন লাভ করে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাত বছর পর ২০২৪ সালের ৯ই অক্টোবর ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন নাসিমকে প্রধান আসামি করে ৪৫১ জনের নামে ছাগলনাইয়া থানায় মামলাটি করেন সুলতান মোহাম্মদ সিকান্দার নামে বিএনপি’র এক নেতা।
তিনি ছাগলনাইয়া উপজেলার উত্তর লাঙ্গলমোড়া গ্রামের মোহাম্মদ ওবায়দুল হকের ছেলে ও উপজেলা বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক। মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ২৮শে অক্টোবর বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণের উদ্দেশ্যে যাওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সকাল ১০টায় ঢাকায় নিজ বাসা থেকে নেতাকর্মীদের নিয়ে তিনি টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন। নেতাকর্মীদের নিয়ে খালেদা জিয়ার গাড়িবহরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নতুন মুহুরীগঞ্জ বাজার এলাকা অতিক্রম করার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করে।
মামলায় অভিযোগ করা হয়েছে, গাড়িবহর লক্ষ্য করে গুলি, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করা হয়।
হামলায় গণমাধ্যমকর্মী ও বিএনপি’র নেতাকর্মীদের বহনকারী প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে বিএনপি’র বেশ কয়েকজন নেতাকর্মী ও তৎকালীন মহাসচিব বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকেই আহত হন। মারধর করেন খালেদা জিয়ার দেহরক্ষীসহ অনেককে। এই হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়। গাড়িবহরে হামলার পর বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা হয়। জোর করে বিএনপি’র কর্মীদের কাছ থেকে চাঁদাও আদায় করা হয়।
