বেলকুচিতে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফন্ট সাইজ:

বেলকুচিতে চালা মুকুন্দগাঁতী আঞ্চলিক সড়কের পূর্ব পাশে সরকারি জায়গা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও গার্লস স্কুলের গলি থেকে ঢাকা ব্যাংক পর্যন্ত অস্থায়ী কাঁচামালের দোকানপাট সরিয়ে দেয়া হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানার কর্মকর্তা (ওসি) তদন্ত জহুরুল ইসলাম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। জানা যায়, গত ৩০শে আগস্ট উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন ও ফুটপাথ দখল করে গড়ে ওঠা অস্থায়ী কাঁচামালের দোকান অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়।

এ সিদ্ধান্তের পর উচ্ছেদ অভিযানের পূর্বের দিন মুকুন্দগাঁতী এলাকায় মাইকিং করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও অস্থায়ী দোকান সরিয়ে নেয়ার জন্য সতর্ক করা হয়। কিন্তু অবৈধভাবে দোকানপাট সরিয়ে না নেয়ার কারণে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, জনস্বার্থে এবং যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।