বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোণায় আনন্দ র‌্যালি

ফন্ট সাইজ:

আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার, ফেস্টুন ও পোস্টার সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের ছোট বাজারস্থ জেলা দলীয় কার্যালয়ে সমবেত হয়।

বেলা সাড়ে ১১টায় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়াস্থ পাবলিক হলে গিয়ে শেষ হয়। পরবর্তীতে পাবলিক হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা বিএনপি’র সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

জেলা বিএনপি’র সভাপতি নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান প্রমুখ। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ ও লক্ষ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, তা বাস্তবায়নে এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় নেত্রকোণা জেলা বিএনপি সব সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে।