একইদিনে দুই দফা বিপর্যয়ের কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুর পার হয়ে আড়ানী রেলস্টেশনের কাছে রেললাইনে ভাঙন এবং পরে হরিয়ান রেলওয়ে স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেসের একটি বগি বিকল হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে পথে ও বিভিন্ন স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন কয়েক হাজার যাত্রী।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়ার লোকমানপুর স্টেশন পার হয়ে আড়ানী স্টেশনের কাছে রেললাইনে ভাঙন দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেসসহ পথে থাকা ছয়টি ট্রেন আটকা পড়ে। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করেন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে মেরামত শেষ হলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তবে, এর কিছুক্ষণ পরই আবারো বিপত্তি দেখা দেয়। পাবনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস সকাল সোয়া ১১টার দিকে হরিয়ান রেলওয়ে স্টেশনের অদূরে পৌঁছালে ট্রেনটির একটি বগির চাকার স্প্রিং খুলে যায়। এতে বগিটি লাইনের উপর বিকল হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ওই পথে ট্রেন চলাচল। এ সময় আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে যান অনেক যাত্রী। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিটি মেরামতের কাজ শুরু করেন। প্রথমে বগিটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানোর উদ্যোগ নেয়া হয়। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বগিটির মেরামত শেষ হয়।
বেলা পৌনে ৩টার দিকে হরিয়ান এলাকায় রেললাইন সচল হলে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটের ট্রেন চলাচল আবারো স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেসের একটি বগি বিকল হয়ে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। মেরামত কাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। একইদিনে রেললাইনে ভাঙন ও ট্রেনের যান্ত্রিক ত্রুটির কারণে দুই দফা ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক যাত্রীকে মাঝপথে নেমে বিকল্প পথে গন্তব্যে যেতে হয়েছে।
