প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর যে কর্মসূচি ঘোষণা করেছেন এর সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি বিনামূল্যে দেড় হাজার গাছ বিতরণ করেছেন। মাসব্যাপী জেলা শহরের ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি জাতের এসব গাছ বিতরণ কার্যক্রম শেষ হয়েছে মঙ্গলবার। শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত যুগান্তকারী এবং নির্বাচনী একটি অঙ্গীকার ছিল বছরে ৫ কোটি গাছ লাগানোর মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার। তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ চলছে। পরিবেশ সুরক্ষায় শুধু গাছ রোপণ করলেই হবে না, প্রতিটি চারার সঠিক পরিচর্যা ও তদারকি নিশ্চিত করতে হবে। কারণ গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে আমরা সবাই সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে পারবো।
তিনি আরও বলেন, আজকের ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ। তারাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের চালিকাশক্তি। তাদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য সরকার বহুবিধ শিক্ষাবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে। যার মধ্যে দেশব্যাপী মেধা বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে ‘বইপড়া কর্মসূচি’ বিশেষ ভূমিকা রাখছে।
জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও সংসদ সদস্য তনয় ইফরাদ হোসেন মাহবুব সাজিদ। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. ইব্রাহিম খান সাদাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন।
বিনামূল্যে গাছ বিতরণের বিষয়ে ফাহিম আশহাব রহমান মোল্লা আনন্দ জানান, প্রতিটি গাছের সঙ্গে একটি কিউআর কোড দেয়া আছে। ছাত্ররা গাছটি লাগিয়ে সেই কোড স্ক্যান করলেই তাদের কাছে তার তথ্য চলে আসবে। তাহলে বিতরণকৃত গাছগুলোর তথ্য সংরক্ষণ করা যাবে। সমাপনী অনুষ্ঠানে পাঁচশত গাছ বিতরণ করা হয়েছে। এরপর অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি কাঠগোলাপ গাছ রোপণ করা হয়েছে।
