দামুড়হুদায় পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক চোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক মোটরের পাশে নিহত চোরকে পড়ে থাকতে দেখে বাড়ির মানুষ। নিহত ব্যক্তি উপজেলার দর্শনা থানার দর্শনা শান্তিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম ওরফে বরু (৫০)।
এ ঘটনায় বাড়ির মালিক উপজেলার লোকনাথপুর গ্রামের পশ্চিম পাড়ার গোলজার মণ্ডলের ছেলে কেরামত আলী (৬৫) বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

জানা যায়, প্রতিদিনের ন্যায় বাড়ির লোকজন সোমবার রাতে ঘুমিয়ে পড়েন। পরদিন মঙ্গলবার ভোর ৫টার দিকে তার স্ত্রী মারুফা বেগম (৫০) ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বাড়ির দক্ষিণ পাশে টিউবওয়েলের কাছে অজু করতে যান। এ সময় তিনি দেখতে পান, টিউবওয়েলের সঙ্গে থাকা ইলেকট্রিক মোটরের মেইন তারের সঙ্গে হাতে কাঁচিসহ এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে পড়ে আছে। তার চিৎকারে ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও প্রতিবেশী রশিদুল ইসলাম (৩০) সহ স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তি দর্শনার শান্তিপাড়ার শরিফুল ইসলাম ওরফে বরু।

ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ ঘটনাস্থলেই রয়েছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।