কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সারের দাম বৃদ্ধির অভিযোগটি সত্য নয়, একটি সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানোর চেষ্টা করা হচ্ছে। দেশে চার-পাঁচ মাসের সার মজুত রয়েছে। যারা সংকট তৈরি করছে তাদেরকে পুলিশ খুঁজছে, আশা করছি কয়েকদিনের মধ্যে থেমে যাবে। আপনারা দেখেছেন চালের গুদামে সার, ঘরের ভেতরে সার, তুষের গুদামে সার, কিন্তু ওখানে থাকার কথা না। একটি গোত্র, গোষ্ঠী বা সম্প্রদায় পরিকল্পনা করে দেশে সারের সংকট দেখানোর চেষ্টা করেছে। একটি সরকারের কাছে অগ্রীম চার-পাঁচ মাসের সার মজুত থাকে, কিন্তু আমাদের সরকারের কাছে তার থেকেও বেশি সার মজুত রয়েছে।
মঙ্গলবার দুপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ আগামী তিন বছরের মধ্যে আমদানিমুখী মসলা চাষে স্বনির্ভর হবে। বর্ষা মৌসুমে সবজির দাম বাড়ে কারণ বর্ষায় কৃষকদের সবজি উৎপাদনে খরচ বাড়ে। বর্ষা মৌসুমেও সবজি উৎপাদনে কৃষকদের প্রণোদনা দেয়ার চেষ্টা করছে সরকার। তিনি আরও বলেন, প্রতি বছর পিয়াজ আমদানি করতে হতো। এবছর এখন পর্যন্ত কোনো পিয়াজ আমদানি করতে হয় নাই। আশা করি আগামীতেও আমদানি করতে হবে না, আমরাই পিয়াজ রপ্তানি করতে পারবো।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ও মহানগর বিএনপি’র সভাপতি উৎবাতুল বারী আবু’র সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব।
