খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

ফন্ট সাইজ:

খুলনা মহানগরীতে মোটরসাইকেলের ধাক্কায় হামিদ খন্দকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খালিশপুর থানার গোয়ালখালী নেছারিয়া মাদ্রাসার সামনে এ ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি ওই এলাকার ওসমান খন্দকারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে হামিদ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। রাস্তার উপর পড়ে গেলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহাজাহান আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাসপাতাল থেকে মরদেহ মর্গে প্রেরণ করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দ্রুতগতির মোটরসাইকেল এবং চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।