কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে উখিয়া থানার ওসি আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে একটি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে বস্তাটি তল্লাশি করে ২০টি কার্ডে রাখা দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের সঙ্গে জড়িতরা ইয়াবার বস্তাটি ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, উখিয়ায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা জব্দ করে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
